ইস্কুলের গেট
বছর দশেক বয়স হবে।ইস্কুলের উলটো দিকে ভাগাড়ের সামনে টোটো বাইক যা কিছু রাখা উঠে বসে পড়ছে।একজন নয় দু'চারজন।চাল ডাল নিতে ওদের মা-বাবা বা নিদেনপক্ষে বুড়ি ঠাকুমা বা বুড়ো দাদু গেছে।ওদের ওখানে কোনো কাজ নেই।কতৃপক্ষ চিৎকার করে মিনতি করে বলছে ওদের এবং ওদের মত বাকিগুলোকে ঘরে যেতে তবু ইস্কুলের গেট খুলেছে বলে কথা।সে কি মজা!পড়া দেওয়ার সময় এরা কিছু পারুক না পারুক নতুন খাতা,বই দেখার জন্য খুব কৌতুহল।ভাগাড়ের জলে ওদের হিসি শেষ হলে ওরা একে অন্যের পকেটে রুমাল খোঁজে।বিড়ি বেরোয়,দেশলাই বেরোয়,ব্লেড বেরোয়,কাগজে লেখা কত সব ফোন নম্বর বেরোয়,শেতাঙ্গী মেয়েদের খোলামেলা ছবি বেরোয়,রুমাল বেরোয় না।শেষে উপায় না দেখে,টোটোয় ঢুলতে থাকা অমুক দাদার মাস্কটা হাতেপায়ে ধরে ধার নিয়ে মুখে পড়ে গেটের কাছে ওদের একজন যায় এগিয়ে।ম্যাডামজি বেরোচ্ছে।
'গুড আফ্টারনুন ম্যাম'
ম্যাডামজি হাসে।কতদিন ইস্কুল বন্ধ এই হাসিতে মনেই আর হয়না।সব যেন স্বাভাবিক।ম্যাডাম হেঁটে যায় খানিকটা পথ রাস্তার জলকাদা তার জুতোয় লাগে,নোংরার দুর্গন্ধ অস্বীকার করতে চায় তার প্রাণবন্ত অস্তিত্ব।স্কুটিতে যে লোকটা ম্যাডামকে নিয়ে গেল সে তো ওদের সামনেই দাঁড়িয়ে ছিল। ঘামছিল আর কাশছিলো।ম্যাডামের কাছের মানুষও ঘামে,কাশে?
ওরা ফিরে আসে।বাইকগুলো আর নেই।তাতে কি?গেটতো তখনো খোলা।ওরা গেটের কাছে ঘুরপাক খেতে থাকে।ইস্কুলের গেট খুলেছে বলে কথা!
pratik mitra
Comments
Post a Comment